
মেফিস্টো, রাত কতোটা গভীর হলে
দিনের দেখা মেলে?
বরাবর রাত বারোটার পর হে সুন্দর!
তাহলে কি পরম বিচারবুদ্ধির মৃত্যু হয়েছে?
গয়া বলছে-
চাঁদ ডুবে গেছে,
তারাগুলো একটাও জ্বলছে না।
যুক্তি-তর্ক ঘুমিয়ে পড়ায়-
দানবের জন্ম হচ্ছে!
রাতজাগা পাখিরা অস্থির এখন,
মৃত্যুভয়ে ভীত!
রাত এখন দিনকে খেয়ে ফেলছে,
অসময়ের মধ্যে সময় বয়ে চলছে,
মৃতরা কফিন থেকে বেরিয়ে পড়ছে,
অসুখী আত্মারা সব ঘোরাঘুরি করছে,
মানুষের ভীড়ে মানুষ খুঁজছে-
তাদেরই মাংস!

দেখ, দেখ, ওই দেখ-
হিরোনিমাস বশ-
একের পর পর এক আঁকছে,
রক্তাক্ত চিত্রকর্ম-
এখানে জমিনগুলো সব নষ্ট,
হয়তো কখনোই আর ঘাস গজাবে না!
অর্ধেকইতো মৃতপ্রায়-
ঝুলে আছে এখানে সেখানে-
মানচিত্রের সীমান্তে, উঠোনে,
অনধিকৃত-পোড়ো জমিতে
শুকনো পাতার মতো মৃত বাদুড় হয়ে।
প্রতিটি খুনের মধ্যে কী অদ্ভুত রসিকতা মেফিস্টো?
মেফিস্টো আমি আর পারছি না যে,
আমাকে শোবার জন্যে একটা বিছানা দেবে?
কেন না হে নীলত্ত-নীলাঞ্জন ছায়া-
মৃত্যুর সাথে সঙ্গমে লিপ্ত হতে
অপেক্ষায় সে তোমারি ধূপছায়া!
ঘুমের মধ্যে বারবার হানা দেয় কুস্বপ্ন,
আমার উন্মাদ হয়ে যাওয়া মস্তিষ্ক থেকে জন্ম নেয়
মিথ্যা এক ছুরি-
ছুরির হাতলটা আমার হাতটাকে খুঁজছে।
ফাউস্ট তুমি অভিশপ্ত এইখানে,
তোমার ওইসব উচ্চারিত শব্দ-
মুক্তি, অধিকার, বিশ্বাস, জ্ঞানতত্ত্ব
সব গুটিশুটি মেরে
ভয়ে জড়সড় হয়ে বলছে-
জ্ঞানী ফাউস্ট অভিশপ্ত তুমি,
তুমি অভিশপ্ত এইখানে।
মেফিস্টো?
তোমাকে ধ্বংসের সঙ্গীতে সঙ্গ দিতে
আদেশ দিয়েছিল কি ফাউস্ট?
যেমনটি এইখানে, এই সময়ে।
জ্ঞানী ফাউস্ট,
তোমার পাগলামি
আমাদের রক্তচাপ বাড়িয়ে তুলছে,
তোমাকে আমরা হত্যা করবো,
রাইফেল বা ফাঁসির দড়ি দিয়ে নয়-
বিষাক্ত সঙ্গিন দিয়ে তোমাকে হত্যা করবো।

স্বাগতম- ধ্বংস, রক্ত এবং গণহত্যা,
মানচিত্রের ছবির মতোই সব শেষ।
আমি দেখতে পাচ্ছি
মানবজাতির পাগলামির ইতিহাস!
মেফিস্টো তোমার ফাউস্টকে বলো-
জ্ঞান আর যুক্তি এখন নাগালের বাইরে।
মানুষ এখানে এখন জলাবদ্ধ,
দেখতে সে অবিকল পিঁপড়াদের মতো,
যে কিনা মৃতদের শরীরের মাংস নিয়ে খেলছে,
বিনিময় করছে-
ওষ্ঠ থেকে অধরোষ্ঠে,
খানাখন্দ, নর্দমা হয়ে কবর থেকে কবরে-
মুহূর্তেই লক্ষ কোটি হয়ে অযুতের ঘরে ঘরে
যুদ্ধের নাকাড়া বাজাচ্ছে।
সর্বত্র বক্তৃতা, প্রমত্ত-উন্মত্ততা এবং খুন,
এখানে সকলেই তোমার অভিন্নহৃদয় বন্ধু, ফাউস্ট।
মানবজাতির বোকামির চিত্র দেখে দেখে
মৃতরাও আতঙ্কিত এখন!
অনেক সুন্দর এবং গভীর হয়েছে, ভাল লাগল পড়ে।
ধন্যবাদ লেখককে।