
চিত্রকর্ম: কাজী রকিব
আর কি দেখা হবে মনহরা ভুবন চর
আমাদের গ্রাম আর বিলের শহর
সিঁথির মতো বাঁকা আমাদের বালিকা সেতু
বাড়িতে জেগে থাকা ফলের ঋতু
আর কি দেখা হবে?
আর কি দেখা হবে শংকরমঠ আর চন্দ্রনাথ
ছন্নছাড়া হাড়ি পুকুর আর বর্ণালী প্রপাত
বিল পাড়ে বেণীসম কুচকুচে তালগাছ
ছন্নছাড়া পালাগান গীতনের রাত
আর কি দেখা হবে?
আর কি দেখা হবে গোপনে তোমার সাথে
যে ছিলে বুক ভরা পূর্ণিমা রাতে
তারা ভরা রাতে যে ছিলে পাঁজরে আমার
উষ্ণ রেখার রোশনায় চুম্বন খামার
আর কি পাওয়া হবে?
আর কি দেখা হবে গ্রামচেরা সরু রেলপথ
চেনা-অচেনা মুখের যাত্রীর রথ
মধ্যরাতে কান পেতে শোনা হুতোম পেঁচার ডাক
বিজন ফকিরের বেহালার রাগ
আর কি শোনা হবে ?
আর কি দেখা হবে দূরন্ত খেলার মাঠ
স্কুল ঘেষা সেই ঝিঁ পুকুরের ঘাট
গ্রাম কাঁপানো আন্তঃ জুন ফুটবল ম্যাচ
বিদ্যুৎ রেখার মতো ক্রিকেটের ক্যাচ
আর কি দেখা হবে?
আর কি দেখা হবে বিলে খাড়ি ভরা মাছ
রাশি রাশি ফুল আর সবুজ আনাস
রেল লাইন ধারে অনঙ্গ লজ্জবতি লতা
তোমাকে আমার না বলা যত কথা
আর কি বলা হবে?
আর কি দেখা হবে গোপন চাহনি তার
যার সাথে গিয়েছে আমার সময় অপার
যার সাথে ছিলো মোর রোদেলা স্বভাব
পেতাম অভিমান ও কথার অগ্নি জবাব
আর কি পাওয়া হবে?
আর কি দেখা হবে শত বয়েসি জটা বট
গ্রামের স্বাক্ষী সেই জীবন্ত স্মৃতিপট
শতোর্ধ্ব বয়েসি সোনাদি‘র টানা সব কেচ্চা
বিনু মাসির গল্পও ছিলো বেশ আচ্ছা!
আর কি শুনা হবে?
আর কি দেখা হবে যোদ্ধা শামসুর সাথে
জীবন বাজি রেখেছিলো নিজের হাতে
বেনামি কৃষকের ঘামে ঝরা ফসলের মাঠ
শঙ্খ নদীর সেই খেয়ালি মাঝির ঘাট
আর কি দেখা হবে?
দুপুরে কি আর শুনবো নরম দোয়েলের ডাক
রাখালিয়া বাঁশিটির বুক ফাটা রাগ
দাঁড়িয়ে থাকা বুকচেতা কালো পাহাড়ের ভাজে
কাঠুরিয়ার নিপুন শিল্পের কাজে
আর কি ভাগি হবো?
আর কি দেখা হবে রমন গাছিয়ার সাথে
শীতভোরে রসের কলসি হাতে
মায়ের হাতে লাল-সাদা গরম ভাপা পিঠা
তাই নিয়ে মারামারি আমি আর রিটা
আর কি কোনদিন হবে?
আর কি খাওয়া হবে গাছখোলায় আখের গুড়
তার সাথে মেশানো খই কুড়মুড়
খইয়ের মোয়ার সাথে গুড়ের গরম চা
ভাব ওঠা পিঠাটির নাম পাটিসাপটা
আর কি খাওয়া হবে?
আর কি দেখা হবে শান্ত আঁধার মানিক টিলা
কানিচরা বক আর পিকনিক ভিলা
সন্ধ্যার কুয়াশা মোড়া বক ডাকা শিয়ালের পুল
দক্ষিণে নাপিত বাড়ি পুঁজার সেই ঢোল
আর কি শুনা হবে?
আর কি শুনা হবে মাঝরাতে ভাসানীর বাঁশি
পুবের বিলের ধারে পরীদের হাসি
পুকুরের কোণ ঘেষা জটা বয়সী বাঁশ ঝাড়
যান বেয়ে মাছেদের বিল হওয়া পাড়
আর কি দেখা হবে?
আর কি দেখা হবে লবন পানির বারো মাসি চড়া
অজ¯্র ঝর্ণা সব অলীক হাতে গড়া
চালতা পাতার ফাঁকে বন মোরগের ঝুঁটি
দেখে হতো বন্ধুরা হেসে কুটি কুটি
আর কি দেখা হবে?
আর কি ধরা হবে ছিপ বড়শীতে পুকুরের মাছ
ঘাটের পাশে থাকা বাদুর আমগাছ
আনারস বনে দেখা নিস্তেজ দুধসাদা সাপ
রেখে দিতো আনারসে মায়াবি ছাপ
আর কি দেখা হবে?
আর কি দেখা হবে পুকুর পাড়ে জোনাকির ঝাঁক
ঝোপ থেকে ধেয়ে আসা ঝিঁ ঝিঁ পোকা ডাক
দুপুর পুকুর রোদে ভাসে রোয়াবি সাদা রাজহাস
ভয়ে থাকা ডাহুকের সেকি হাসফাঁস
আর কি দেখা হবে?
আর কি দেখা হবে মহাজন বাড়ির রমা মাসির সাথে
আমের ভর্তা খাওয়া হাসি বু‘র হাতে
দক্ষিণ বাড়ির রাঙা ভাবী আর তার ঠোঁসা দুই গাল
আমাদের ঘুমহরা জোলেখার কঠিন চোয়াল
আর কি দেখা হবে?
আর কি দেখা হবে পাহাড় আড়াল থেকে সূর্যের হাসি
আড় ভেঙে কোয়েলের ভালো বাসাবাসি
পাড়ার বলাই আর ঝিনুকের মন কাড়া ধনুকের পণ
একে অন্যের নাম নিরন্তর করেছে তর্পণ
আর কি দেখা হবে?
তুমি বলো কনা হবে কি দেখা আর
হবে কি এই মহামারি কাল পার
আবার কখন উঠবে জেগে সব
আমাদের গান পাখিদের কলরব?
আর কি ফিরবো নাভিপোতা ঘরে
যে আছে আমার গভীর অন্তরে
তুমিই বলো কনা, তুমিই বলো।
Comments RSS Feed