
গুমোট
ভুল করছি জেনেও ভুল করতে ভাল লাগল।
সবুজ পাতায় ঘর বাঁধা ভাল নয়
পিছলে পড়ে যেতে হয়
দুঃখী বাতাসের সামান্য ছোঁয়ায়, জেনেও
পাতায় বসতি হলো…আহ সবুজ পাতা!
কী মসৃণ, অনিশ্চিত মসৃণ।
সালোক সংশ্লেষণে পাতায় জীবন রস
আমার ছায়ায় ব্যাহত, পাতা হাঁফিয়ে ওঠে
আর আমি নতজানু হই পেলব স্পর্শ পেতে
নির্জন দুপুরে….
দুপুর শিউরে ওঠে, হাত নেড়ে পেছনে হাঁটে
আমি এগোই, অন্ধ; দুপুরের পেছনে কী…!
নিশ্চিত জানি, আজীবন তৃষ্ণা আমার…আমি জানি না তো।
তীব্রতম চাওয়া কি ভুল! কোন ভুলের গহীন সরোবরে
পদ্মপাতার মতো আকণ্ঠ জেগে ওঠে
বাতাসে দুলে ওঠা ঢেউয়ের মতো হাহাকার
অসহ্য গুমোটে ঘামো তুমি
ঘামি আমি
তারপর মৃত্যুর মতো নীরবতা নামে
পিছলে পিছলে পড়ি ভুল করে পাতার সংসারী।
দৃশ্যমান রক্ত
আজীবন অবিমৃষ্যকাল
স্বপ্ন স্বপ্ন খেলা, শিমুল তূলায় ওড়া নিরুদ্দেশে
বেঢপ কাঁটার গাছ, লাল ফুল
ব্যাকুল দু’হাত, তারপর বিক্ষত পাঁজর…..
তবু নত হই কল্পবাস্তবতায়।
কেমন অসুখ কাল নিয়তির পরিচর্যা
শূন্যোৎসব, চাঁদ বৃষ্টি ঘুমহীন মুখর দু’হাত
তারপর লীন অন্তহীন শ্রান্তিহীন….
সিন্ধুসারস ডানা অবিরাম কম্পমান
অচৈতন্যে প্রাণপণ তবু…..
ধীরে ধীরে খুন হই কল্পবাস্তবতায়।
দ্বীপ
একদিন আমার পৃথিবী ছিল দ্বীপ
একটি ছোট দ্বীপ
চারদিকে নদী, সমুদ্দুর
চাঁদ আর সূর্যওঠা একটা আকাশ
আকাশের নিচে ঘাস ফুল
আর আমি…….আমার চিন্তার সমান একজন।
ধীরে ধীরে পৃথিবী বিরাট হলো
আর আমি ছোট হতে হতে
শুধু একজন মানুষ হলাম
যে মানুষ শুধু নিজেকে করুণা করে
নিজের চিন্তার সমানও হতে পারে না।
জানোরিন, বিশাল পৃথিবী নয়,
আমার দ্বীপটা দেবে? পৃথিবীটা?
ফিরে যেতে চাই।
Comments RSS Feed